রাশিয়ার সীমান্ত শহরে বিস্ফোরণ, নিহত ৩
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড শহরে বিস্ফোরণ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
রাশিয়ার এই সীমান্তবর্তী অঞ্চলের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বলেছেন, শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনিজন নিহত হওয়ার পাশাপাশি বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং অন্তত ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানিয়েছেন, এর মধ্যে পাঁচটি ভবন ধ্বংস হয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, বিস্ফোরণের পর শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
.png)
গ্ল্যাডকভ বলেছেন, বিস্ফোরণের এই ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং ১০ বছর বয়সী ছেলেসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৩০
বেলগোরোড শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিমি (২৫ মাইল) উত্তরে অবস্থিত। প্রায় ৪ লাখ বাসিন্দার এই শহরটি মূলত বেলগোরোড অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা চার মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। দেশটির অর্থনীততে ধস নামানোর হুঁশিয়ারি দিচ্ছে তারা। তবে থামতে নারাজ রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।