বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করেন কিম জং উনের বোন কিম ইয়ো-জং।
তার দাবি, করোনা থাকা লিফলেট সীমান্ত পার করে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।
.png)
তবে এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে সিউল।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার বিজয় ঘোষণা করেছেন কিম জং উন। এরপর এ নিয়ে কথা বললেন তার বোন কিম ইয়ো জং।
গত মে মাসে গোপনীয়তা বজায় রেখে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এরপর থেকে জ্বর সংক্রমণ ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু করে দেশটি। তবে তাদের প্রকাশিত তথ্য নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাধর সিনিয়র কর্মকর্তা কিম ইয়ো জং জানান, সীমান্ত পার করে পিয়ংইয়ং বিরোধী লিফলেট পাঠিয়ে উত্তর কোরিয়ায় করোনা ছড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টরা গত কয়েক দশক ধরে এভাবে লিফলেট পাঠিয়ে আসছেন। সাধারণত বেলুন ভর্তি করে নানা ধরনের প্রচারণা চালাতে এসব লিফলেট পাঠানো হয়। তবে গত বছর এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়।
লিফলেট পাঠানোকে কিম ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন এবং ‘দূষিত বস্তুর সঙ্গে মাধ্যমে একটি সংক্রামক রোগ ছড়ানোর বিপদের’ কথা উল্লেখ করেন তিনি।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘জোরালো প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেয়ার কথা বিবেচনা করছে উত্তর কোরিয়া।
নিজের ভাইয়ের স্বাস্থ্য নিয়েও কথা বলেন কিম ইয়ো জং। তিনি বলেন, প্রচণ্ড জ্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তিনি দেশবাসীর কথা ভেবে এক মুহুর্তের জন্য শুয়ে থাকতে পারেননি।
পরীক্ষা সরঞ্জামের অপ্রতুলতার কারণে উত্তর কোরিয়া সন্দেহভাজন করোনা আক্রান্তদের জ্বরে আক্রান্ত বলে উল্লেখ করে থাকে। করোনাবিরোধী লড়াই অবসানের ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার নেতা বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ভাইরাসে মাত্র ৭৪ জনের মৃত্যু হওয়া অলৌকিক ঘটনা।