ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের সামরিক ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ১১ আগস্ট ২০২২
ভারতের সামরিক ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজৌরির এক সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ সময় দুই সেনা আহত হয়েছেন। ঐ সময় পাল্টা প্রতিরোধে দুই হামলাকারী মারা যান।

বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানায়, হামলাকারীরা ঘাঁটির চারদিকে থাকা বেষ্টনি ভাঙার চেষ্টার সময় তাদের শনাক্ত করে সেনা সদস্যরা। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

Advertisement

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজিপি) মুকেশ সিং বলেন, পারগালে সেনা শিবিরের বেষ্টনি কেউ পার হওয়ার চেষ্টা করে। তখন তাদের চ্যালেঞ্জ করে টহল সদস্যরা। এরপরই গোলাগুলি শুরু হয়।

গত কয়েক বছর ধরে ভারতের বর্ণিত সন্ত্রাসবাদী তৎপরতা থেকে মুক্ত রয়েছে রাজৌরি জেলাসহ জম্মুর অন্য অংশ। তবে বিগত ছয় মাস ধরে অঞ্চলটিতে ধারাবাহিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা হচ্ছে।

পুলিশ বলছে, পালগারে সেনা শিবিরে হামলার পেছনে সন্ত্রাসী গ্রুপ লস্কর-ই-তইয়্যেবার হাত রয়েছে। সম্প্রতি পুলিশ ঐ এলাকায় তালিব হোসেন শাহ নামে একজনকে গ্রেফতারের পর লস্করের বড় একটি চক্র গুড়িয়ে দেয়। তালিব হোসেন নিজে বিজেপি নেতা হলেও গ্রেফতারের পর তাকে বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দলটি।

ভারতের পুলিশ জানায়, তালিব হোসেন ঐ অঞ্চলে একাধিক হামলায় জড়িত।  তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কয়েক দিন আগেই পুলওয়ামা জেলা থেকে ২৫ কেজি বিস্ফোরক উদ্ধার করে বড় ধরনের বিপর্যয় এড়ায় পুলিশ। এরপরই সেনা শিবিরে হামলার ঘটনা ঘটলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!