বাংলাদেশে অনুমতি না পেয়ে শ্রীলংকায় ভিড়ল পাক যুদ্ধজাহাজ
বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে শ্রীলংকার রাজধানী কলম্বোর বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস তৈমুর।
বুধবার কলম্বোর বন্দরে পৌঁছানোর পর জাহাজটিকে নোঙর করার অনুমতি দেয় সেখানকার কর্তৃপক্ষ।
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত ৭ আগস্ট চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের বন্দর থেকে রওনা হয়ে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পৌঁছায় পিএনএস তৈমুর। তখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে নোঙর করার জন্য অনুমতি চায় জাহাজটি।
.png)
দুদিন পর ৯ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরে যুদ্ধজাহাজটি নোঙর করার অনুমতি পাওয়া যায়নি। কর্তৃপক্ষের জবাব পেয়ে কলম্বোর উদ্দেশে যাত্রা করে পিএনএস তৈমুর। পরদিন বুধবার জাহাজটি কলম্বো বন্দরে পৌঁছায়।
এর আগে, ভারতের আপত্তির কারণে চলতি সপ্তাহে কলম্বোর বন্দরে চীনের একটি জাহাজকে প্রবেশের অনুমতি দেয়নি শ্রীলংকার সরকার। কিন্তু চীনের মিত্র দেশ পাকিস্তানের যুদ্ধজাহাজকে একই বন্দরে ভিড়তে দেওয়া হয়েছে। আর যুদ্ধজাহাজটিও তৈরি হয়েছে চীনে।
সাংহাইয়ের ডং বন্দরে তৈরি হওয়া পিএনএস তৈমুর বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক ও দুর্ধর্ষ ০৫৪ এ/পি ধরনের যুদ্ধজাহাজ। এ ধরনের যুদ্ধজাহাজগুলোকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ বলে মনে করা হয়। এসব জাহাজ উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র সমৃদ্ধ।
কলম্বো বন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিএনএস তৈমুরে বেশ কিছু লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আগামী ১২ আগস্ট এটি কলম্বো থেকে করাচি বন্দরের দিকে রওনা হবে।