ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মরক্কোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
মরক্কোর ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছেন এএফপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জন নিহত হওয়ার খবর জানালেও পরে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত। আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।
দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে তিন হাজার ৫০০ মানুষ নিহত হন। এ সময়ে আহত হন ১২ হাজার মানুষ। এ তথ্যানুযায়ী দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মারা যান ১০ জন।