ট্রাম্পের বাসায় মিলল ৩০০ গোপন নথি, কী আছে তাতে?
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসা থেকে তিনশোর অধিক গোপন নথি উদ্ধার করা হয়েছে। এসব নথির মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), জাতীয় নিরাপত্তা এজেন্সি এবং এফবিআইয়ের অতি গোপন নথিও ছিল।
যদিও নথি উদ্ধারের বিষয়টি নিয়ে বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে চায়নি। ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরাও কোনো মন্তব্য করেননি।
সোমবার নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে।
.png)
খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ বিভাগ ক্লাসিফাইড ১৫০ নথি উদ্ধার করে। এরপর জুনে ট্রাম্পের সহযোগীরা বিচার বিভাগকে দ্বিতীয় সেট নথি দেন আর চলতি মাসে এফবিআই ট্রাম্পের বাসা থেকে তৃতীয় সেট নথি উদ্ধার করে।
এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ডোনাল্ড ট্রাম্প। মামলায় তার বাড়ি থেকে এফবিআই যেসব নথিপত্র জব্দ করেছে, সেই তদন্ত যেন স্থগিত করা হয় তার আবেদন করা হয়।
ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা আরো অনুরোধ জানিয়েছেন, সেসব নথিপত্র যাচাই করার সময় যেন একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রীয় নথিপত্র আইনমাফিক সংরক্ষণ না করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে।