ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ২৩ অক্টোবর ২০২২
পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। একইদিনে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে আরো এক ফিলিস্তিনি কিশোর আহত হন।    

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য জানিয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের কালকিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকের একটি তল্লাশি কেন্দ্রে শনিবার রাবি আরাফাহ রাবি নামের ৩২ বছরের ফিলিস্তিনির মাথায় গুলি করা হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করা একটি গাড়িকে আটকের চেষ্টা করে সেনারা। তখন গাড়িটি পালিয়ে এক সেনাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে সেনারা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এদিকে, পূর্ব জেরুজালেমের ঘটনার ব্যাপারে ইসরায়েলি পুলিশ বলছে, একজন ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাতে আহত করা এবং একজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টার জেরে ফিলিস্তিনির ওপর গুলি করা হয়।

পুলিশ জানায়, হামলাকারীকে শনাক্ত করেছিল পুলিশ। ঐ সময় একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তার দিকে হাতে থাকা ‘বস্তু’ নিয়ে এগিয়ে গেলে পুলিশ হামলাকারী ফিলিস্তিনির ওপর গুলি ছুড়ে।

পুলিশ তার ভাষ্যে, কীভাবে হামলাকারীকে শনাক্ত করেছে, হামলাকারীর হাতে কী ধরনের ‘বস্তু’ ছিল এবং পুলিশ কর্মকর্তার কতটুকু কাছে হামলাকারী গিয়েছিল তার কোনো তথ্য দেয়নি।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি পুলিশের গুলিতে ১৬ বছরের ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে আহত কিশোরের নাম এবং বিস্তারিত তথ্য জানায়নি বার্তা সংস্থাটি। আহত তরুণকে জেরুজালেমের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবারের দুটি ঘটনাই ২০১৫ সালের পর চলতি বছরের গ্রীষ্মকাল থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে সহিংসতার সর্বশেষ সংঘাত।

কয়েক বছর ধরে ইসরায়েলি সেনাদের ওপর অতিষ্ঠ হয়ে সম্প্রতি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ছুরি ও বন্দুক হামলা, গাড়ি দিয়ে হামলা করছে ফিলিস্তিনি যোদ্ধারা।

অন্যদিকে, ফিলিস্তিনিদের হত্যার ব্যাপারে নিজেদের পক্ষে সাফাই গাইছে ইসরায়েল। ইসরায়েল বলছে, জীবন ঝুঁকির প্রেক্ষিতে শক্তি প্রয়োগ করা হয়েছে। তবে ফিলিস্তিন এবং মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে অতি শক্তি প্রয়োগ, বিশেষ ক্ষেত্রে নিরীহ মানুষকে হত্যার অভিযোগ করেছে। 

গ্রীষ্মকালে ধারাবাহিক হামলার জেরে পশ্চিম তীরে রাতে তীব্র অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এতে সংঘাত বাড়তে থাকে। ইসরায়েলের অভিযান সেনাদের এবং ফিলিস্তিনিদের মধ্যে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এতে হত্যার ঘটনা ঘটে।

চলতি বছর ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাদের গুলিতে নিজ মাতৃভূমিতে ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলকৃত ইসরায়েলে কয়েকটি হামলায় ১৯ ইসরায়েলি নাগরিকের মৃত্যুর পর বেপরোয়া হয়ে ওঠে।

ইসরায়েল বলছে, হত্যার শিকার সব ফিলিস্তিনিই হামলাকারী। তবে আগ্রাসনের বিরুদ্ধে পাথর ছুড়ে আন্দোলনকারী তরুণ ফিলিস্তিনি এবং সংঘাতে জড়িত নয় এমন অনেকে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। সেখানে ২৩০টির বেশি বসতি স্থাপন করা হয়। এছাড়া অ্যাপার্টমেন্ট ব্লক, শপিংমল ও শিল্পাঞ্চল করে অনেক ছোট শহর সদৃশ্য এলাকা স্থাপন করে ইসরায়েলিরা।

ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের মূল অংশ হিসেবে পশ্চিম তীরকে চাইছে। তবে পশ্চিম তীরে ইসরায়েলের বসতিগুলোকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখে বিশ্বের সিংহভাগ দেশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!