বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও টুইট করেন ইলন মাস্ক। সেখানে দেখা যায়, একটি সিংক হাতে হাসতে হাসতে সান ফ্রান্সিসকোর টুইটার সদর দফতরে ঢুকছেন ইলন।
এর প্রায় এক ঘণ্টা আগে নিজের টুইটারে বায়ো পরিবর্তন করে লেখেন- ‘চিফ টুইট’। এর মাধ্যমে তিনি যে সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক হতে যাচ্ছেন তার ইঙ্গিত পাওয়া যায়।
.png)
ছয় মাস ধরে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্কের মধ্যে চলছে নানা নাটকীয়তা। গত এপ্রিলে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনতে চুক্তি করেন টেসলা প্রধান। তবে এরপর থেকে তার আগ্রহ কমতে থাকে। প্রকাশ্যে টুইটার কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি। টুইটারের প্রকৃত মূল্য নিয়েও প্রশ্ন তোলেন মাস্ক। শেষপর্যন্ত টুইটার কর্তৃপক্ষ ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে না দাবি করে চুক্তি থেকে সরে আসতে চান। গত জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বেরিয়েও যান ইলন মাস্ক। এরপর ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাধ্য করতে ডেলাওয়্যার চ্যান্সারি আদালতে তার নামে মামলা করে টুইটার কর্তৃপক্ষ। পরে আদালত ইলন মাস্ককে চুক্তি করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। আদালতের রায় অনুযায়ী শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যে ইলনকে টুইটার কেনার চুক্তি করতে হবে। না হলে গুনতে হবে জরিমানা।