সাংহাইয়ে ১৩ লাখ বাসিন্দা গৃহবন্দি, করোনা গণপরীক্ষার নির্দেশ
চীনের বৃহত্তম শহর সাংহাই শহরের ইয়াংপু এলাকার ১৩ লাখ বাসিন্দার জন্য করোনার গণপরীক্ষার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। আর পরীক্ষার ফল মেলার আগে বাসিন্দাদের বাসায় তথা লকডাউনে থাকতে হবে।
এদিকে সাংহাই থেকে শুরু করে সুদূর-পশ্চিমে তিব্বত পর্যন্ত চীনজুড়েই আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তিব্বতে লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে।
ঐ অঞ্চল থেকে গোপনে পাচার করে আনা মোবাইলে ধারণকৃত ফুটেজে দেখা যায় যে, তিব্বতের স্থানীয় বাসিন্দা ও হান অভিবাসী, উভয় সম্প্রদায়ের মানুষই লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাসা’র সড়কে সমবেত হয়েছে। সেখানে লকডাউন ৭৪ দিন ধরে স্থায়ী হয়েছিল।
.png)
ধারণা করা হচ্ছে, ঐ ফুটেজটি বুধবার রাতে ধারণ করা হয়, তবে কোনো সহিংসতা হয়নি।
এদিকে, জনরোষ সত্ত্বেও সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধানকে দলটির সর্বময় ক্ষমতাশালী পলিটব্যুরো স্থায়ী কমিটিতে দ্বিতীয় সর্বোচ্চ পদ দেওয়া হয়েছে। তিনিই শহরটিতে লকডাউন আরোপের পদক্ষেপের জন্য চূড়ান্ত দায়িত্বে ছিলেন।
এ নিয়োগের ফলে এ আভাস পাওয়া যায় যে, দক্ষতার সঙ্গে প্রশাসন পরিচালনা করে জনসমর্থন পাওয়া যোগ্য ব্যক্তির বদলে শি রাজনৈতিক আনুগত্যকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।