ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রফতানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর মোতায়েন রয়েছে। রাশিয়ার সেনাবাহিনী বলেছে, নৌবহরের ওপর ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝাইয়েভ বলেন, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে কয়েক ঘণ্টা ধরে সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে।
.png)
তিনি আরো বলেন, হামলা চালানো সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহতও হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ড্রোন হামলা চালানো হয়।
মন্ত্রণালয় আরো বলেছে, ইউক্রেনের বন্দরটি দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ঐ রুশ বহর মোতায়েন করা হয়েছিল। ড্রোন হামলার জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানির নিরাপত্তা রক্ষার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া।