ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘গোপন বিপদ’ রেখে খেরসন ছাড়ছে রুশ সেনারা, যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ১১ নভেম্বর ২০২২
‘গোপন বিপদ’ রেখে খেরসন ছাড়ছে রুশ সেনারা, যা বললেন জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো

কিয়েভ সেনাদের জন্য ‘গোপন বিপদ’ রেখে রুশ সেনারা খেরসন ছাড়ছে বলে দাবি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, খেরসন শহর থেকে পিছু হটার আগে রুশ সেনারা অসংখ্য মাইন পুঁতে যাচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া খেরসন শহর থেকে তাদের সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের সেনারা ৪১টি বসতি মুক্ত করেছে। রুশ সেনারা ইচ্ছাকৃতভাবে খেরসন ছাড়ছে না। তাদের পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেনের সেনারা।

জেলেনস্কি বলেন, দক্ষিণ দিক থেকে সুখবর পেয়েছি। ইউক্রেনের অসংখ্য পতাকা তার আসল জায়গায় ফিরে যাচ্ছে। ৪১টি বসতি দখলমুক্ত করা হয়েছে। 

Advertisement

সেনাদের ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, এসব সফলতা কয়েক মাসের কষ্ট, সাহস, ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। শত্রুরা (রাশিয়ানরা) চলে যাচ্ছে না। ইউক্রেনীয়রা অনেক মূল্যের বিনিময়ে তাদের বিতাড়িত করছে।

ভিডিও বার্তার শেষ দিকে মাইন পোঁতার বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রথম এবং মূল কাজ হচ্ছে মাইন পরিষ্কার করা। দখলদাররা কয়েক হাজার মাইন ও অবিস্ফোরিত অস্ত্র ফেলে যায়। আমি এমনটি শুনেছি, রাশিয়ার পোঁতা মাইন পরিষ্কার করতে কয়েক যুগ সময় লাগবে।

জেলেনস্কি আরো জানান, রুশ সেনারা বিদ্যুৎ লাইন, ব্যবসা প্রতিষ্ঠান, মাঠ, বন সব জায়গায় মাইন পুঁতেছে। তবে এর মধ্যে অনেক অঞ্চল পরিষ্কার করা হয়েছে। কিন্তু এখন খেরসনে আবার নতুন করে রাশিয়ানরা মাইন পুঁতে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!