ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে রহস্যে ইরানের ওপর ক্ষোভ ঝাড়লেন আয়াতুল্লাহ খামেনির ভাগনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪০, ২৮ নভেম্বর ২০২২
যে রহস্যে ইরানের ওপর ক্ষোভ ঝাড়লেন আয়াতুল্লাহ খামেনির ভাগনি
আয়াতুল্লাহ আলি খামেনির ভাগনি ফরিদেহ মোরাদখানি- ছবি: সংগৃহীত

ধর্মীয় নীতি-নৈতিকতার প্রতি ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী শাসকগোষ্ঠীর কোনো আনুগত্য নেই উল্লেখ করেছেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগনি ফরিদেহ মোরাদখানি। তিনি তেহরানের সঙ্গে বিশ্ববাসীকে সম্পর্ক ছিন্নেরও আহ্বান জানিয়েছেন।

কন্টেন্ট শেয়ারিং সাইট ইউটিউবে শেয়ার করা ভিডিওতে ফরিদেহ মোরাদখানি বলেন, হে মুক্ত পৃথিবীর মানুষজন, আমাদের পক্ষে থাকুন এবং আপনাদের দেশের সরকারকে বলুন এ খুনি ও শিশু হত্যাকারী শাসকদের যেন তারা সমর্থন দেওয়া বন্ধ করে। ধর্মীয় নীতি-নৈতিকতার প্রতি তাদের কোনো আনুগত্য নেই এবং ক্ষমতা ধরে রাখা ও বলপ্রয়োগ ব্যতীত তারা আর কিছুই জানে না।

ফরিদেহ মোরাদখানির বাবা আলি মোরাদখানি আরাঙ্গেহ। তিনি ছিলেন একজন শিয়াপন্থী মুসলিম নেতা। আয়াতুল্লাহ আলি খামেনির বোনকে বিয়ে করেছিলেন আরাঙ্গেহ। সেই সূত্রে ফরিদেহ মোরাদখানির বাবা আয়াতুল্লাহ আলি খোমেনির ভগ্নিপতি। তবে ইরানে ক্ষমতাসীন ধর্মীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক ও আদর্শগত বিরোধ ছিল তার। এ কারণে দেশের ভেতরেই এক রকম নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন তিনি। কয়েক বছর আগে তেহরানে মৃত্যু হয় আলি মোরাদখানি। এতে ‍সুযোগ বুঝে চটেছেন ফরিদেহ মোরাদখানি।

Advertisement

পেশায় প্রকৌশলী ফরিদেহ মোরাদখানি একজন সক্রিয় মানবাধিকারকর্মীও। তার ভাই মাহমুদ মোরাদখানি ইউটিউবে ভিডিওটি শেয়ার করেছেন। মাহমুদ মোরাদখানি ফ্রান্সে থাকেন। ভাই-বোন উভয়ই ইরানের ক্ষমতাসীন সরকারবিরোধী।

ইরানের মানবাধিকারকর্মীদের সংবাদ সংস্থা হারানার কর্মকর্তারা জানান, ইরানে চলমান বিক্ষোভে উসকানি ও সহায়তা দেওয়ার অভিযোগে গত ২৩ নভেম্বর তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে তিনি তেহরানের এভিন কারাগারে রয়েছেন। ধারণা করা হচ্ছে, জেলে যাওয়ার আগে এ ভিডিওটি শ্যুট করেছিলেন তিনি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২২ সালের শুরুর দিকেও একবার ফরিদেহকে গ্রেফতার করা হয়েছিল। তবে কয়েক দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

জামিনের শর্ত অনুযায়ী, গত ২৩ তারিখ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন ফরিদেহ। সেখানে পৌঁছানোর পথেই তাকে গ্রেফতার করা হয়।

ফরিদেহর ভিডিও সম্পর্কে প্রতিক্রিয়া জানতে আয়াতুল্লাহ আলি খামেনির দফতরে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তার দফতরের কোনো মুখপাত্র এ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।

গত সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব ও বোরকা পরিধান না করায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার ২২ বছরের তরুণী মাশা আমিনি মারা যান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাশা আমিনির মৃত্যুর পরদিন থেকে ইরানে এক অভূতপূর্ব বিক্ষোভ শুরু হয়। প্রথম পর্যায়ে আন্দোলনকারীরা মাশাকে গ্রেফতারকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানালেও খুব দ্রুত সেই বিক্ষোভ রূপ নেয় হিজাববিরোধী তথা সরকারবিরোধী আন্দোলনে। এ আন্দোলনে ইন্দনের অভিযোগে ৪০ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইরান।

ক্ষমতাসীন শাসকগোষ্ঠী শুরু থেকেই অত্যন্ত কঠোরভাবে আন্দোলন দমনের চেষ্টা করছে। তবে পরিপূর্ণ সফলতা পায়নি। কারণ পশ্চিমারা এ ইস্যুতে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করলে বিক্ষোভ আরো চাঙ্গা হয়। 

হারানা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত দু’মাসে বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে সাড়ে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন।

 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!