ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এক আনারসের দাম ১ লাখ ২৫ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ৯ ডিসেম্বর ২০২২
এক আনারসের দাম ১ লাখ ২৫ হাজার টাকা
ফাইল ফটো

এন্টি অক্সিডেন্ট, মিনারেল ও  ভিটামিন সি সমৃদ্ধ ফল আনারস। শীতের সময় দারুণ উপকারী এ ফলটির দাম আমাদের কাছে তুলনামূলক অন্যান্য ফলে চাইতে কম। তবে হ্যালিগান জাতের আনারসের দাম আকাশচুম্বি। ইউরোপের দেশ ইংল্যান্ডের এ আনারসের একেকটির দাম ১ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি অর্থে যা ১ লাখ ২৫ হাজার টাকারও বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আনারসটি উৎপাদন এবং এর পেছনে যে শ্রম দিতে হয় সেটি বিবেচনা করে এটির মূল্য আকাশচুম্বি। এ আনারস খাওয়ার উপযোগী হতে দুই থেকে তিন বছর সময় লাগে।

হ্যালিগান পাইনাপেল নামের সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, ১৮১৯ সালে প্রথম যুক্তরাজ্যে আনা হয় আনারসটি। কিন্তু এ ফলটি উৎপাদনে যুক্তরাজ্যের আবহাওয়া উপযুক্ত না। কারণ ঠাণ্ডা আবহাওয়ায় আনারস বেড়ে ওঠে না। এজন্য একটি বিশেষ ব্যবস্থা উদ্ভাবন করেন উদ্যানতত্ত্ববিদরা। সেই বিশেষ ব্যবস্থায় কাঠের তৈরি পাত্র তৈরি করা হয়। আনারস বেড়ে ওঠতে সেটির ভেতর দেওয়া হয় পচনশীল সার ও হিটার। ঐ হিটার পাত্রের ভেতরের তাপমাত্রা উষ্ণ রাখে।

হ্যালিগান পাইনাপেলের একজন মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, যুক্তরাজ্যে আনারস উৎপাদন অনেক শ্রমসাধ্য কাজ। এর পেছনে যে সময় দিতে হয়, সারের মূল্য, পরিবহন খরচ এবং অন্যান্য বিষয়সহ আমাদের একটি আনারস উৎপাদনে ১ হাজার পাউন্ডেরও বেশি খরচ হয়।

আনারস বিষয়ক হ্যালিগান পাইনাপেলের ওয়েবসাইটে আরো বলা হয়, তাদের বাগানে উৎপাদিত দ্বিতীয় আনারসটি রানি দ্বিতীয় এলিজাবেথকে উপহার দেওয়া হয়েছিল। আনারস উৎপাদনে প্রায় ২০০ বছর আগের উপায় অবলম্বন করেন তারা। এসব আনারস অবশ্য সাধারণভাবে বিক্রি করা হয় না। এর বদলে এগুলো নিলামে তোলা হয়। সেখানে একেকটি আনারস প্রায় ১০ লাখ টাকায়ও বিক্রি হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!