ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ করলো আল-কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ২৫ ডিসেম্বর ২০২২
জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ করলো আল-কায়েদা
আইমান আল জাওয়াহিরি - ফাইল ছবি

চলতি বছর সশস্ত্র গোষ্ঠি আল-কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরিকে হত্যার দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নিজে হোয়াইট হাউস থেকে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়েছে আয়মান আল জাওয়াহিরিকে। এই ঘোষণার কয়েক মাস যেতে না যেতেই এবার প্রকাশ্যে এসেছে জাওয়াহিরির একটি নতুন ভিডিও।

ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদা। আর এ নিয়ে আরো একবার দানা বেধে উঠছে রহস্য। আরো একবার প্রশ্ন উঠেছে, জওয়াহিরি কি তাহলে বেঁচে আছেন?

শুক্রবার (২৩ ডিসেম্বর) ৩৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে আল-কায়েদা। তাদের দাবি, যে ব্যক্তিকে ভিডিওটিতে কথা বলতে দেখা যাচ্ছে, তিনিই জওয়াহিরি। অবশ্য ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

চলতি বছরের আগস্টে ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ এ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু দলটির তরফ থেকে জওয়াহিরির মৃত্যু নিয়ে কখনওই স্পষ্ট করে কিছু বলা হয়নি। এমনকি জওয়াহিরির স্থানে অন্য কোনো নেতার নামও ঘোষণা করেনি এই চরমপন্থী সংগঠন।

আরো পড়ুন>> পদযাত্রা নিয়ে রাজধানী নয়াদিল্লি পৌঁছালেন রাহুল গান্ধী

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার তথ্য প্রকাশ করার পর হামলার ওই স্থানে হাজির হয় একাধিক গণমাধ্যম। তবে সেখানে বিস্ফোরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় সংবাদমাধ্যমগুলো। আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবানও ক্ষমতায় ফেরার পর জানিয়ে দেয়, জওয়াহিরির মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে নেই। এমনকি তিনি আফগানিস্তানে গাঢাকা দিয়েছিলেন, সেটিরও কোনো প্রমাণ নেই তাদের কাছে।

এরপর বিষয়টি নিয়ে জল ঘোলা হতে থাকলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, জওয়াহিরির মৃত্যু সংক্রান্ত কোনো ডিএনএ প্রমাণ তাদের কাছে নেই। বিশ্বস্ত সূত্রের বরাতেই তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল।

এদিকে, জওয়াহিরির উত্তরসূরি এখনো ঘোষণা না করা হলেও সাইফ আল-আদিল নামের এক মিশরীয় ব্যক্তির নাম উঠে আসছে বারবার। তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই গোয়েন্দা সংস্থার হাতে। তবে ধারণা করা হচ্ছে, জওয়াহিরির স্থলাভিষিক্ত হতে পারেন তিনিই।

আরো পড়ুন>> ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

সাইফ আল-আদিল মিশরের স্পেশাল ফোর্সের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। তিনি এখন আল-কায়েদার শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। তাকে গ্রেফতারের জন্য যেকোনো তথ্য সরবরাহকারীর জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেয়া হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!