৬৮ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার, ‘আল্লাহু আকবার’ বলে ধ্বনি
তিন দিন আগেও তুরস্ক-সিরিয়ার যে কয়েকটি শহর ছিল সাজানো-পরিপাটি আজ সে শহরগুলো ধ্বংসের ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। যেদিকেই চোখ যায় শুধুই নিথর মরদেহ আর ধ্বংসস্তূপ।
ধ্বংসস্তূপ থেকে এখনো মিলছে লাশ। কখনো আবার মিলছে প্রাণের সন্ধান। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে উদ্ধারকারী দল। তারপরও সন্ধান চালিয়ে যাচ্ছেন তারা।
আশার কথা হচ্ছে, ভূমিকম্পের ৬৮ ঘণ্টা পরও তুরস্কের হাতায় শহরের ধ্বংসাবশেষ থেকে এক শিশুকে জীবিত বের করা গেছে। শিশুটিকে দ্রুত নেয়া হয়েছে হাসপাতালে।
বৃহস্পতিবার এমন এক ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
.png)
ভিডিওটিতে দেখা যায়, ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে বের করে আনছে উদ্ধারকারীরা। এসব বাচ্চাটিকে জীবিত দেখা যায়। সঙ্গে সঙ্গে ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’ ধ্বনি করতে থাকেন উদ্ধারকর্মীরা। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এরপর আরো কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।
শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা এরইমধ্যে ১৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৮৭৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।