বুধবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসে ইসরায়েলি সৈন্যদের অভিযানে ১০২ জন আহত হয়েছেন; যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখন তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়া হয়।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নাবলুসে লায়ন্স ডেন নামে একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেফতার করতে আসে ইসরায়েলি বাহিনী। তারা দুজনই গুলিতে নিহত হয়েছেন।
ইসরায়েলি সৈন্যদের এই সহিংস অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন তল্লাশি চৌকিতে বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের দখলকৃত বিভিন্ন এলাকায় ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।
গত বছর থেকে ফিলিস্তিনিদের ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দেয় ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদারদের হাতে শুধু পূর্ব জেরুজালেমেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল। সূত্র: আল জাজিরা