ছেলের ঋণ শোধ করতে কোম্পানির অ্যাকাউন্ট ফাঁকা করলেন মা
পৃথিবীতে প্রতিদিনই ঘটে যায় এমন কিছু ঘটনা, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। ঠিক এমনি একটি ঘটনা ঘটেছে চীনে। ছেলের ঋণ শোধ করতে নিজের চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করলো মা।
এমন ঘটনা ঘটেছে চীনের সাংহাই প্রদেশে। জুয়াড়ি ছেলের ঋণ শোধ করতে চাকরিদাতা প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের টাকা চুরি করেছেন এক মা। পরে ধরা পড়ে বিচারের মুখোমুখি হয়েছেন তিনি।
৬৩ বছর বয়সী ওই মা তার ৩৭ বছর বয়সী ছেলের জুয়ার ঋণ পরিশোধ করতে ৬৩ লাখ ইউয়ান বা ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার চুরি করেন। এ সময় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ২০ ইউয়ান বা ৩ ডলার রেখেছিলেন তিনি।
.png)
কোম্পানিটিতে হিসাবরক্ষকের পদে চাকরি করেন অভিযুক্ত ঐ মা। মা বাও কিহুয়া এবং তার ছেলে জিয়াং শিয়াওবিন জালিয়াতির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন। একপর্যায়ে কর্তৃপক্ষ টের পায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখন তারা পুলিশের কাছে চুরির অভিযোগ দেয়। ততক্ষণে কোম্পানির ব্যাংক ব্যালেন্স মাত্র ২০ ইউয়ানে নেমে গেছে! কোম্পানির মালিক সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই ঘটনা আমাকে পাগল করে তুলেছিল।’
আরো পড়ুন>> ভারতে মাকে কুপিয়ে হত্যা করলো আপন ছেলে
বাও স্বীকার করেছেন, জুয়া খেলে ছেলে বিপুল পরিমাণ ঋণ করে ফেলে। এই ঋণ পরিশোধের জন্য ছেলে তাকে জোরাজুরি শুরু করে। ছেলের পরামর্শেই তিনি কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে শুরু করেন।
তিনি আরো বলেছেন, ছেলেকে ঋণ পরিশোধে সহায়তা করার জন্য এটাই প্রথম টাকা চুরির ঘটনা নয়। ২০০৫ সালে ছেলে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনো জুয়া খেলে বিপুল টাকা উড়িয়ে দিয়েছিল, সেই ঋণ পরিশোধের জন্য ছেলেকে ৩ লাখ ইউয়ান বা ৪৩ হাজার ৩০০ ডলার দিয়েছিলেন তিনি।
কিন্তু এরপরও ছেলের জুয়া খেলার প্রতি আসক্তি কমেনি। ঋণ জমতে জমতে একপর্যায়ে ১০ লাখ ইউয়ান হয়ে যায়। যখন টাকার জন্য আবার মায়ের কাছে আসেন। তখন সম্পত্তি বিক্রি করে ছেলের ঋণ পরিশোধ করেন বাও।
এক পুলিশ কর্মকর্তা সাংহাই টিভিকে বলেন, অ্যাকাউন্টের টাকা একেবারে ফুরিয়ে না যাওয়া পর্যন্ত কোম্পানি বুঝতেই পারেনি। জিয়াং অবশ্য দোষ স্বীকার করে বলেছেন, ‘আমি আমার মায়ের জন্য খুবই দুঃখিত। ’
সূত্র: চীনা গণমাধ্যম