সোমবার (৮ মে) প্রদেশটির হনুমানগড় জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বাড়ির ওপর ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন গ্রামবাসী নিহত হয়েছে।
.png)
কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। আর এ কারণে তিনি নিরাপদ আছেন বলে জানা গেছে।
আরো পড়ুন>> ওয়াগনারকে আরো অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি রাশিয়ার
টুইটারে দেওয়া এক বার্তায় ভারতীয় বিমান বাহিনী বলেছে, ‘আইএএফের একটি মিগ-২১ যুদ্ধবিমান আজ সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরতগড়ের কাছে বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন, তবে সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, ‘মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।’
আরো পড়ুন>> এক যুগ পর আরব লিগে ফিরল সিরিয়া
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, পাইলট নিরাপদে আছেন এবং উদ্ধারের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতগড় থেকে ভারতীয় বিমান বহিনীর এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মধ্যপ্রদেশের মোরেনায় এবং রাজস্থানের ভরতপুরে দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে একজন পাইলটের মৃত্যুও হয়।