ব্রাজিলে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, ছয় মাসের সতর্কতা জারি
ব্রাজিলে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। দেশটিতে সম্প্রতি বেশ কিছু প্রাণীর দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সতর্কতা জারি করেছে প্রাণী বিষয়ক স্বাস্থ্য সংস্থা।
ব্রাজিলে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। এ কারণে দেশটিতে আগামী ছয় মাসের জন্য প্রাণী বিষয়ক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। দেশটির এসপিরিতো সান্তো রাজ্যে সাতটি কেস শনাক্ত হয়েছে। এছাড়া রিও ডি জেনেইরো রাজ্যেও একটি কেস শনাক্ত হয়েছে।
অতি সংক্রামক এইচ৫এন১ ভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে এই সতর্কতা কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সরকার এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবে।
.png)
আরো পড়ুন>> মন্দিরে নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তেই পাওয়া গেল ৪০০ মুদ্রা
বিশ্বের মুরগীর মাংসের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিল। বছরে প্রায় এক হাজার কোটি ডলারের মুরগীর মাংস রপ্তানি করে থাকে ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলই মূলত সবচেয়ে বড় উৎপাদন এলাকা। তবে কর্তৃপক্ষ বলছে, যেসব কেস শনাক্ত হয়েছে সেগুলো ওই এলাকা থেকে যথেষ্ট দূরে।
কোনো একটি ফার্মে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে তা দ্রুত অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে পারে। এরপরে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। সে কারণে সতর্কতা হিসেবে পুরো দেশেই আগামী ১৮০ দিনের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে অক্টোবর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর আগে এই ভাইরাসে এত পাখির মৃত্যু হয়নি। এমনি পাখি থেকে অন্যান্য প্রাণীর মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে।
সূত্র: বিবিসি