মিশরে প্রমোদতরীতে অগ্নিকাণ্ড, নিখোঁজ ৩ ব্রিটিশ নাগরিকের মৃত্যু
মিশরীয় লোহিত সাগরে পর্যটক ডুবুরিদের প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ তিন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ট্যুর অপারেটর স্কুবা ট্রাভেল।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ১২ জন ব্রিটিশসহ মোট ২৬ জনকে হারিকেন নামের একটি নৌকা থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গত রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। প্রমোদতরীটি ৬ জুন মিশরের বন্দর গালিব ত্যাগ করে এবং রোববার ফেরার কথা ছিল।
মিশরের পররাষ্ট্র দপ্তর এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে এর আগে একজন মুখপাত্র বলেছিলেন, ব্রিটিশ নাগরিকদের সাহায্য করা হচ্ছে।
আরো পড়ুন>> কঙ্গোয় বাস্তুচ্যুতদের ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ৪০
বিবৃতিতে বলা হয়েছে, ‘আগুনের তীব্রতার’ কারণে ১২ জন পর্যটককে অবিলম্বে কাছাকাছি অন্য একটি নৌকায় সরিয়ে নেয়া হয়েছিল। এরপর নিখোঁজদের কাছে খোঁজ করা হয়। কিন্তু ব্যর্থ হওয়ার পর প্রমোদতরীর ক্যাপ্টেন এবং দুই গাইডসহ ১৪ জন ক্রু সদস্যও অন্য নৌকায় চলে যান।
নৌকা থেকে উদ্ধার করা অতিথিদের তীরে মারসা শাগরা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়।
স্কুবা ট্রাভেল জানিয়েছে, প্রমোদতরী থেকে উদ্ধার করা ব্রিটিশ পর্যটকদের আগামী সপ্তাহে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সম্পূর্ণ তদন্ত করবে।
সূত্র: বিবিসি