ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রাশিয়ার ‘বড় ধরনের’ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ২০ জুন ২০২৩
ইউক্রেনে রাশিয়ার ‘বড় ধরনের’ বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনে আবারো বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আঁধারে চালানো এই হামলায় রাজধানী কিয়েভসহ দেশটির পূর্ব থেকে পশ্চিমে বহু শহরকে লক্ষ্যবস্তু করা হয়। অবশ্য কিয়েভে রাশিয়ার চালানো হামলার বেশিরভাগই প্রতিহত করার কথা জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমে বহু শহরকে লক্ষ্য করে রাতের আঁধারে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া রাতের এই হামলার সময় ইউক্রেনের বেশিরভাগ অংশজুড়ে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে- রাশিয়া ইরানের তৈরি যে ৩০টি শাহেদ ড্রোন হামলার জন্য পাঠিয়েছিল তার মধ্যে ২৮টি ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

Advertisement

আরো পড়ুন: ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করে বিপাকে ম্যাক্রোঁ

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, কিয়েভের আশপাশের আকাশসীমায় সশস্ত্র বাহিনী এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রায় ২০টি টার্গেট চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে।

পপকো বলেন, ‘রাজধানীতে আরেকটি ব্যাপক বিমান হামলা।’

প্রায় ৭ লাখ জনসংখ্যার শহর এবং ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে অবস্থিত লভিভ শহরের সামরিক প্রশাসন বলেছে, রাশিয়া এই শহরের একটি ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আঘাত করেছে। এর ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রুশ এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, সেখানকার টেলিযোগাযোগ অবকাঠামো এবং কৃষি ও খামার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য জাপোরিঝজিয়ায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ড বলেছে, প্রাথমিক প্রতিবেদন অনুসারে জাপোরিঝিয়ায় আক্রমণ চালাতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!