ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার মাঝ আকাশে মাতাল যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১৬ জুলাই ২০২৩
এবার মাঝ আকাশে মাতাল যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা
ছবি: সংগৃহীত

সহযাত্রীর গায়ে প্রস্রাব থেকে শুরু করে কেবিন ক্রুকে মারধর—এয়ার ইন্ডিয়ার বিমানে বিগত কয়েকমাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। কোনও ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেয়া হয়েছে, কোনও ক্ষেত্রে আবার শুধু ক্ষমা চাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হল। যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা।

গত রোববার (৯ জুলাই) এ ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে জানানো হয়, মাঝআকাশে মাতাল ছিলেন ওই যাত্রী। অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসছিল ফ্লাইটটি। সেখানেই এই কাণ্ডটি ঘটে। অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। মাঝআকাশেই তার কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এয়ার ইন্ডিয়ার এক বিভাগীয় প্রধান সন্দীপ বর্মার সঙ্গে। তিনিও সিডনিতে একটি কাজ এরেই দেশে ফিরছিলেন। যদিও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তবে ঘটনার কথা ডিজিসিএ-কে জানানো হয়েছে।

Advertisement

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দীপ বর্মা এয়ার ইন্ডিয়ার বিমানে নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাই সেখানেই একটি কাজ সেরে দেশে ফিরছিলেন। বিমান টেক অফ করার পর তার সঙ্গে ওই সহযাত্রীর ঝামেলা বাঁধে। এক কথা, দু কথা হতে হতেই অভিযুক্ত ব্যক্তি হঠাৎই সন্দীপ বর্মাকে কষিয়ে থাপ্পড় মারেন। তারপর তার মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ওই কর্তা আর কথা না বাড়িয়ে বিমানের অন্য দিকে চলে যান।

কিন্তু মহিলা এয়ার হোস্টেসরা যাত্রীকে কিছুতেই সামলাতে পারছিলেন না। শেষে বিজনেস ক্লাস থেকে কয়েকজন পুরুষ কেবিন ক্রুকে ডেকে আনা হয়। তারাই বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন ওই অভিযুক্ত ব্যক্তিকে। এরপর বিমান দিল্লিতে নামতেই ওই যুবককে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে অবশ্য তিনি লিখিতভাবে ক্ষমা চান। তবে ডিজিসিএ-কে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়াও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!