ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সন্দেহের জেরে বোনকে জঙ্গলে নিয়ে খুন করলেন ভাই!
পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহের জেরে নিজের বোনকে অপহরণ করেন ভাই। অপহরণ করেই থেমে থাকেননি তিনি। ‘সম্মানরক্ষার্থে’ সেই ভাইয়ের বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগও উঠেছে। নারীর শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের নওয়াদার এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার (৪ আগস্ট) একটি জঙ্গল থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, কয়েক বছর আগে বিয়ে হয় ওই নারীর। বোনের পরকীয়ার সম্পর্ক রয়েছে এই সন্দেহে তার ভাই তাকে প্রায়ই শাসাতেন বলে অভিযোগ রয়েছে।
নারীর শ্বশুরবাড়ির সদস্যেরা জানান, বৃহস্পতিবার বোনকে ডেকে নিয়ে যান ভাই। তার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। বাড়ি না ফেরায় নারীর শ্বশুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। একই সঙ্গে সেই ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। প্রথমে নারীর ভাইকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেন সেই ভাই।
অভিযুক্ত যুবকের দাবি, পাশের পাড়ার এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল তার বোনের। তাকে সেই সম্পর্ক থেকে সরে আসার পরামর্শও দিয়েছিলেন তিনি। কিন্তু বোন নাকি সেই কথায় পাত্তা দেননি। তার পরই বোনকে খুনের পরিকল্পনা করেন তিনি।
বৃহস্পতিবার বোনকে তার সঙ্গে দেখা করতে বলেন। ভাইয়ের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি থেকে বের হন নারী। একটি নির্জন জায়গায় তারা দেখা করেন। সেখান থেকে বোনকে অপহরণ করেন যুবক। তার পর কয়েক কিলোমিটার দূরে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বোনের গলা কেটে খুন করেন গ্রেপ্তারকৃত ভাই।
সূত্র: ইন্ডিয়া টুডে