প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে এবং এই দিনেই জাতিগত সহিংসতায় বিপর্যস্ত মণিপুরে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হিন্দি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সবশেষ ১৯৯৮ সালে মণিপুরের সিনেমা হলগুলোতে দেখা গিয়েছিল শাহরুখ খান অভিনীতি ‘কুচ কুচ হোতা হ্যায়’ চলচ্চিত্রটি। এরপর থেকে আর কোনো হিন্দি ভাষার চলচ্চিত্র প্রকাশ্যে চালানো হয়নি রাজ্যটিতে।
.png)
মণিপুরে হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিদ্রোহী সংগঠন রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট (আরপিএফ)। ২০০০ সালের ১২ সেপ্টেম্বর এই নিষেধাজ্ঞা জারি করে তারা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহের মধ্যে দোকানপাট থেকে সংগ্রহ করা ছয় থেকে আট হাজার হিন্দি ভাষার অডিও-ভিডিও ক্যাসেট এবং কমপ্যাক্ট ডিস্ক পুড়িয়ে ফেলে বিদ্রোহীরা।
যদিও মণিপুরে হিন্দি চলচ্চিত্র কেন প্রদর্শন করা হবে না, সে বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ দেখায়নি আরপিএফ। ক্যাবল অপারেটরদের ধারণা, রাজ্যের ভাষা ও সংস্কৃতিতে বলিউডের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছিল সশস্ত্র গোষ্ঠীটি।
এনডিটিভি জানিয়েছে, দুই যুগেরও বেশি সময় পরে অবশেষে মণিপুরে প্রদর্শিত হতে চলেছে হিন্দি চলচ্চিত্র। তবে এর মানে এটা নয় যে, হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের ওপর থেকে সব বাধা উঠে যাচ্ছে সেখানে।
আদিবাসী সংগঠন হমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় চুরাচাঁদপুর জেলার রেংকাই (লামকা) এলাকায় একটি হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের পরিকল্পনা করেছে তারা। তবে চলচ্চিত্রটির নাম জানানো হয়নি।