মরক্কোর ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্সের প্রধান বলেছেন, শনিবারের ভূমিকম্পটি দেশে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। মারাত্মক এই ভূমিকম্পে আহতদের রক্তদানের জন্য শহরের সকল মানুষকে শনিবার সকাল থেকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্তদান কেন্দ্র।
সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যানুসারে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিক ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে।
.png)
দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন। এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেয়ার সতর্ক করেছেন। ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।
ভূমিকম্পের কেন্দ্রের কাছে পাহাড়ি এলাকার আস্নি গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ও নিজেদের সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।
আরো পশ্চিমে তারউদান্তের কাছে শিক্ষক হামিদ আফকার বলেন, তিনি তার বাড়ি থেকে পালিয়ে এসেছেন ও ভূমিকম্পের পরে আফটারশক হয়েছে। ভূমিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর পুরাতন মারাকাশ শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বংসী এই ভূমিকম্পের পর এই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইন্টারনেটের সংযোগ বিঘ্নিত হয়।