বুধবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিকিমের লোনাক হ্রদ উপচেপড়ায় ঐ অঞ্চলে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়েছে। নিখোঁজদের মধ্যে সেনাবাহিনীর ২৩ সদস্যও রয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, উত্তরপূর্বাঞ্চলীয় ঐ রাজ্যে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা অন্যান্য বছরের একই সময়ের স্বাভাবিক (৮ দশমিক ৬ মিলিমিটার) বৃষ্টিপাতের হারের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি।
.png)
সিকিমের মুখ্যসচিব ভি বি পাঠক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বন্যায় আরো কমপক্ষে ৮২ জন নিখোঁজ আছেন। এছাড়া আহত হয়েছেন ২২ জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে নিখোঁজ ভারতীয় সৈন্যদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সড়কপথে রাজধানী গ্যাংটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।