জানা গেছে, রাতভর অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার প্রভাবে গাজার ১ লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত।
.png)
ইসরায়েলি এ হামলায় ৯১ শিশুসহ ৪৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে ২ হাজার ৭৫১ জন।
সংবাদ সংস্থা দ্য নিউ আরবও জানিয়েছে, মোট মৃত্যুর মধ্যে ৯১ শিশু এবং ৬১ জন নারী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। এছাড়া ২৪৪ শিশু এবং ১৪১ জন নারীসহ ২ হাজার ৭৫১ ফিলিস্তিনি চলমান ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে।
গাজা শহরের দক্ষিণে রাফাহ শহরে একই পরিবারের ১৯ ফিলিস্তিনিসহ ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, উত্তর গাজার আল জাতার পাড়ায় একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় ৪ জন প্রাণ হারিয়েছেন।
আরো একটি ইসরায়েলি হামলায় মধ্য গাজায় ৩ জন নিহত হয়েছে। গাজা শহরের পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলায় এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজার বেইত লাহিয়াতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বিমান হামাসকে ধ্বংস করতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।