এবার মিশরের নিরাপত্তা চৌকিতে হামলা চালালো ইসরায়েল, আহত ৭
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী মিশরের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত সাতজন আহত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, গাজা সীমান্তবর্তী মিশরের কেরেম শালোমের একটি নিরাপত্তা চৌকিতে ইসরায়েলি ট্যাংকের ছোড়া গোলা আঘাত হেনেছে।
.png)
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ঘটনাকে ‘ভুলবশত’ দাবি করে দুঃখ প্রকাশ করেছে।
আইডিএফ বলছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ছোড়া গোলা ভুলবশত মিশরীয় অবস্থানে আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
তবে ইসরায়েলি বাহিনীর ভুলবশত ছোড়া গোলার আঘাতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ।
এদিকে রোববার (২২ অক্টোবর) মিশরের রাফাহ ক্রসিং থেকে গাজার ভেতরে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এর আগে শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় ২০টি ট্রাক পৌঁছায়। এসব ট্রাকে কোনো জ্বালানি ছিল না।
আল-জাজিরা জানিয়েছে, রোববার যেসব ট্রাক গাজায় গেছে সেগুলোর মধ্যে অতিপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।