ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুয়ামে মার্কিন ঘাঁটির ছবি তুললো উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ২২ নভেম্বর ২০২৩
গুয়ামে মার্কিন ঘাঁটির ছবি তুললো উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট
ছবি: সংগৃহীত

ব্যর্থতা কাটিয়ে অবশেষে সফলভাবে পৃথিবীর কক্ষপথে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উৎক্ষেপণের মাত্র একদিন পরই দেশটি দাবি করেছে, তাদের স্যাটেলাইট পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত দ্বীপ গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ছবি তুলেছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সেই ছবি পর্যালোচনাও করেছেন।

উত্তর কোরীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার উত্তর কোরিয়ার প্রথম নজরদারি স্যাটেলাইট গুয়ামের ছবি তুলেছে। প্রেসিডেন্ট কিম জং উন সেসব ছবি পর্যালোচনা করেছেন।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের আকাশ থেকে দ্বীপটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যান্ডারসন এয়ার ফোর্স বেস, আপরা হারবার অন্যান্য প্রধান সামরিক ঘাঁটির মহাকাশের ছবি পর্যালোচনা করেছেন। এসব ছবি ২২ নভেম্বর সকাল ৯টা ২১ মিনিটে তোলে উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট।

Advertisement

এদিকে, গতকাল মঙ্গলবার এশিয়ার দেশ উত্তর কোরিয়া সফলভাবে কক্ষপথে একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করার দাবি জানায়। পাশাপাশি শত্রুপক্ষের বিপজ্জনক সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখতে আরো এ ধরনে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেয় দেশটি।

মালিগ্যিয়ুং-১ নামে ওই নজরদারি স্যাটেলাইটটি গতকাল মঙ্গলবার উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ছোমিলা-১’ নামে একটি রকেটের সাহায্যে কক্ষপথে পাঠানো হয়। কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার আত্মরক্ষার অধিকারের আলোকে এ ধরনের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা সঠিক।’

বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের স্যাটেলাইট প্রতিপক্ষের ওপর নজরদারি করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে শত্রু বাহিনীর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করার ক্ষেত্রে এই স্যাটেলাইট উত্তর কোরিয়ার সক্ষমতাকে কয়েক গুণ এগিয়ে দেবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!