ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৭০ বছরের ইতিহাসে ফের মুখোমুখি দু'দলের একই প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ১৩ মার্চ ২০২৪
৭০ বছরের ইতিহাসে ফের মুখোমুখি দু'দলের একই প্রার্থী
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে জয়লাভ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যদিয়ে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিশ্চিত করলেন তারা। এই নিয়ে লাগাতার দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বনাম ট্রাম্প লড়াই হবে।

যুক্তরাষ্ট্রের গত ৭০ বছরের ইতিহাসে পরপর দু'বার প্রধান দুই দলের- ডেমোক্র্যাট ও রিপাবলিকান-একই প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছে।

সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে এমন পুনরাবৃত্তি হয়েছিল ১৯৫৬ সালে। তখন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডলাই স্টিভেনসন পরপর দু'বার মুখোমুখি হয়েছিলেন। তবে দু'বারই জয় পেয়েছিলেন আইজেনহাওয়ার।

Advertisement

জর্জিয়ায় প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন পাওয়ার পর বাইডেনই যে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হবেন, তা ঠিক হয়ে গেছে। বাইডেনের প্রার্থী হওয়ার জন্য দরকার ছিল এক হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন। তিনি তার চেয়ে বেশি পেয়েছেন। বাইডেন যে ডেমোক্র্যাট প্রার্থী, তার আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী আগস্টে।

ট্রাম্প জর্জিয়া, মিসিসিপি ও ওয়াশিংটন স্টেট প্রাইমারি জিতেছেন।  ট্রাম্পের দরকার ছিল এক হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন। তিনিও তা পার করে গেছেন। দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি গত সপ্তাহেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!