ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাতটি কামানের তোপে ঈদ উদযাপনের প্রস্তুতি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ৭ এপ্রিল ২০২৪
সাতটি কামানের তোপে ঈদ উদযাপনের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

একটু ব্যতিক্রমভাবে ঈদ উদযাপন শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আগের বছরগুলোর মতো এ বছরও কামানের তোপ দেগে ঈদুল ফিতর উদযাপন শুরু করবে শহর কর্তৃপক্ষ। এরই মধ্যে শহরের সাতটি এলাকায় কামান মোতায়েন করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই পুলিশ।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন মতে, দুবাইয়ের যে সাত স্থানে কামানের তোপ দাগা হবে তা হলো- গ্র্যান্ড জাবিল মসজিদ, নাদ আল সিবার ঈদগাহ ময়দান, নাদ আল হামার, বারাহা, আল বারসা, উম সুকেইম ও হাত্তা।

Advertisement

ঈদুল ফিতরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পরপর দুইবার কামানের তোপ দাগা হবে। এরপর ঈদের দিন নামাজের শুরুতেই আরো দুইবার তোপ দাগা হবে।

সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্স কমান্ডার-ইন-চীফ মেজর জেনারেল আবদুল্লাহ আলি আল ঘাইতি জানান, কামান দাগার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কামান পরিচালনা দল আল মিদফার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ তারিশ আল আমিনি বলেন, কামান দাগার সাতটি স্থানের প্রতিটিতে একটি দল গঠন করা হবে।

নাগরিকদের আগামী সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানালো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার (৬ এপ্রিল) দেশটির চাঁদ দর্শন কমিটি এই আহ্বান জানায়।

কেউ চাঁদ দেখলে তাকে ০২৬৯২১১৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে অথবা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আর যদি এদিন চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। পরদিন বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদ উদযাপিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঈদ দুবাই
লিংক সফলভাবে কপি হয়েছে!