শনিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
এর আগে শুক্রবার নিউইয়র্কের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলাকালে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছিলেন।
.png)
নিউইয়র্ক পুলিশ বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছে।
শুক্রবার আদালতের বাইরে অবস্থান নেয়া বিভিন্ন টেলিভিশনের ক্যামেরার সামনে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দেন। বেশ কয়েক মিনিট তিনি আগুনে পুড়েন।
এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছিলেন, তিনি বেশ কিছু সময় পুড়ছিলেন। খুব ভয়াবহ দৃশ্য ছিল তা।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছিলেন, গায়ে দাহ্য তরল ঢেলে আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি একটি ব্যাগ থেকে কয়েকটি লিফলেট বের করে আকাশের দিকে ছুড়ে মারেন। লিফলেটে ‘শয়তান ধনকুবেরদের’ কথা উল্লেখ করা হয়েছে এবং জনগণকে এই দুর্নীতি সামনে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে তাতে ট্রাম্পের নাম উল্লেখ নেই।
নিউইয়র্ক পুলিশ ওই ব্যক্তিকে ম্যাক্স আজ্জারেল্লো হিসেবে শনাক্ত করেছে। তিনি ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের বাসিন্দা।
ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলায় বিচারকাজের জন্য ১২ সদস্যের পূর্ণ জুরি বাছাইয়ের পরই এই হতবাক করা ঘটনা ঘটল।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।
ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- সেটিই আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে ১২ সদস্যের জুরি। আগামী সোমবারেই প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারে আদালত।
ট্রাম্পই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে।
সূত্র: এনবিসি নিউজ