ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পদত্যাগপত্রে যা লিখলেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ২২ এপ্রিল ২০২৪
পদত্যাগপত্রে যা লিখলেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান
আহারন হালিভা - ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের অভিযান ঠেকাতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা।

সোমবার (২২ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, নতুন গোয়েন্দাপ্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

পদত্যাগ পত্রে জেনারেল আহারন হালিভা লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের ওপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারেনি। সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। আমি চিরদিন এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব।

Advertisement

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে গত ৭ অক্টোবরের হামাসের হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানান তিনি।

মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ করা হবে।

এর আগে গত বছরের ৭ অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত এক হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!