প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত থেকে শুরু হওয়া ঝড় ও বৃষ্টিতে নাজেহাল কলকাতা। দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় রেল লাইনের ওপর গাছ পড়ে রয়েছে। ফলে ট্রেন চলাচলের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে।
.png)
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, সোমবার সকাল থেকে শিয়ালগহ দক্ষিণ শাখার একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সকাল থেকে ট্রেন চলার কথা থাকলেও তা এখনো চালু হয়নি। এমনকি কখন রেল চলাচল স্বাভাবিক হবে তাও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। রেললাইনের ওপর থেকে গাছ সরিয়ে ট্র্যাক পরীক্ষা করার পর ট্রেন চলাচল শুরু হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারলে কত সময় লাগবে তা স্পষ্ট জানা যায়নি। এ ছাড়া সোমবারেরও অন্তত ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।
কেবল ট্রেন নয়, ভোগান্তির মুখে পড়েছেন মেট্রোর ব্যবহারকারীরা। ঝড়ের কারণে মেট্রো চলাচলও ব্যাহত হয়েছে। সোমবার সকাল থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগে থেকে জানিয়েছে দিয়েছিল কর্তৃপক্ষ। তবে সোমবার সকাল ৯টা পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রাত থেকে অনেক স্টেশনে লোকাল ট্রেন আটকে রয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে কলকাতাকে যুক্ত করেছে। ঘূর্ণিঝড় রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই জেলাতেই। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গিয়েছে। হেলে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রেললাইনের ওপর বিভিন্ন জায়গায় গাছ পড়ে রয়েছে।