ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে চলছে ব্যাপক ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ২৮ জুলাই ২০২৪
কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে চলছে ব্যাপক ধরপাকড়
ফাইল ফটো

মধ্য প্রাচ্যের দেশ কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারী ও অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। সম্প্রতি দেশটির নিরাপত্তারক্ষী সংস্থাগুলো রাজধানী কুয়েত সিটির আরো দুটি এলাকায় এ অভিযান চালিয়েছে। সেসময় বহুসংখ্যক অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়।

কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজেও উপস্থিত ছিলেন।

Advertisement

তিনি বলেন, আকস্মিক এই অভিযান আমাদের নিরাপত্তাবিষয়ক তদারকির একটি অংশ।

একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও। সেখানে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদে বৈধ হতে তিন মাসের একটি সময় দেওয়া হয়। এই সময় কোনো অভিযান ও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি।

এমনকি এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়। যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার যেতে পারবেন।

কুয়েতে সব মিলিয়ে ৪৮ লাখ মানুষের বসবাস। যার মধ্যে ৩৩ লাখই বিদেশি। দেশটি প্রবাসী নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া শুরু করেছে তারা।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!