ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ৫ অক্টোবর ২০২৪
ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান হামলা
ফাইল ফটো

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

শুক্রবার (৪ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সামরিক ফাঁড়ি ও একটি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন।

Advertisement

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই হামলায় উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুতি-সমর্থিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি নেটওয়ার্ক বলছে, ইয়েমেনের প্রধান প্রধান শহরগুলো এমনকি রাজধানী সানাতেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানা শহরে চারটি এবং হুদাইদাহ শহরে সাতটি হামলা হয়েছে।

হুদাইদাহ শহরের একটি বিমানবন্দর ও কাথিব এলাকায় হুতি নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি লক্ষ করে হামলাগুলো চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে, শহরজুড়ে ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া ধামার প্রদেশে এবং সানার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বায়দা প্রদেশেও বিমান হামলা হয়েছে।

আল মাসিরাহ অবশ্য কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে বলেছে, যুক্তরাজ্যও হামলায় অংশ নিয়েছিল।

কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় দুটি জাহাজ ডুবে গেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি।

লোহিত সাগরে জাহাজের ওপর হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। গত জুলাই মাসে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের ওপর আছড়ে পড়ে। এতে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হন।

তার আগে গত মাসে হুতিরা ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে একটি হামলা চালানো হয়।

এছাড়া গত সোমবার (৩০ সেপ্টেম্বর) হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!