রোববার (২০ অক্টোবর) রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফিলাডেলফিয়ার ম্যাকডোনাল্ডসে। সেখানে তিনি ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছেন। অপরদিকে, কমলা হ্যারিস দুটি গির্জা পরিদর্শনে যান।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকডোনাল্ডস আমেরিকানদের কাছে একধরনের উপাসনালয়ের মতো। সেখানে গিয়ে ট্রাম্প আবারো অভিযোগ করেছেন, কমলা যে ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন বলে যে দাবি করেছেন- সেটি মিথ্যা।
.png)
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন কমলা-ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট কমলা জর্জিয়ার আগাম ভোটারদের কাছে ভোট চেয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ায় ভোটের প্রচার চালিয়েছেন।
জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে কমলা বলেন, দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।” এ সময় তিনি আরো সহানুভূতিশীল ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প স্যুট খুলে ফেলেন। কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। পরে রেস্তোরাঁর জানালা দিয়ে তার সমর্থকদের হাতে ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন ট্রাম্প। এ সময় রাস্তার উল্টো পাশে হাজারো মানুষ জড়ো হয়ে এ দৃশ্য দেখেন।
ট্রাম্প বলেন, কাজটি করতে আমি খুব পছন্দ করেছি। আমি এখানে খুব মজা করেছি।