প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নেবেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। ইলেকটোরাল ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। ৭৮ বছর বয়সী ট্রাম্প সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন এবং তার চেয়েও বেশি ভোট পেয়েছেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এর ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি। চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।
এর আগে ২০১৬ সালে প্রথমবার দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাকে। চার বছর পর আবারও মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প।
.png)
ট্রাম্প কবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন?
নির্বাচন হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর)। তবে তিনি কাল-পরশু, এক সপ্তাহ বা এক মাস পরও ক্ষমতা গ্রহণ করবেন না। প্রেসিডেন্টের দায়িত্ব পেতে তাকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। ওইদিন আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এছাড়া ওইদিনই প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে ওঠবেন। অপরদিকে হোয়াইট হাউজ ছেড়ে চলে যাবেন জো বাইডেন।
শপথ গ্রহণের আগে ইলেক্টোরাল কলেজের প্রক্রিয়াটি শুরু হবে। জনসংখ্যার ভিত্তিতে রাখা ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই মুলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। যে প্রার্থী যে রাজ্যে সর্বোচ্চ ভোট পান তিনি ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে থাকেন। আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের মাধ্যমে ইলেক্টোরাল কলেজ ভোটের বিষয়টি চূড়ান্ত করা হবে।
এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার নতুন সদস্যরা ২০২৫ সালের ৬ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা ও নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করা হবে।
সূত্র: বিবিসি