গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের আরো তিন দখলদার সেনার মৃত্যু হয়েছে। এতে করে ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি সেনার সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে।
সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও দু’জন সেনা সদস্য নিহত হয়েছে।
নিহত ইসরায়েলি সেনারা হলো- ক্যাপ্টেন ইয়োজেভ প্যাজি (২২), ইদান কেইনান (২১) ও নোয়াম এইতান (২১)। নিহত ৩ সেনা সদস্যই কেফির ব্রিগেডের ৯০তম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল।
.png)
ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই ৩ সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৭৯৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো ৫ হাজার ৩৬৫ ইসরায়েলি সেনা।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা।