ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৬, ২৫ নভেম্বর ২০২৪
লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭
ফাইল ফটো

মিশরের লোহিত সাগর উপকূলের কাছে একটি পর্যটকবাহী জাহাজ ডুবে ১৭ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

মিশরের রেড সি প্রদেশের গভর্নর জানান, গত শনিবার মারসা আলাম সংলগ্ন একটি বন্দর থেকে পাঁচ দিনের ডাইভিং ট্রিপে যাত্রা শুরু করে সি স্টোরি নামের জাহাজটি। তবে ভোর সাড়ে ৫টার দিকে জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানো হয়।

Advertisement

মেজর জেনারেল আমর হানাফি জানান, মারসা আলামের দক্ষিণে ওয়াদি আল-জেমাল এলাকায় উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের সন্ধান করতে অভিযান জোরদার করেছে।

মারসা আলামের স্থানীয় পরিষদের তথ্য অনুযায়ী, সি স্টোরির ক্রুরা সবাই মিসরীয় নাগরিক। তবে জাহাজে থাকা পর্যটকদের মধ্যে ব্রিটিশ, স্প্যানিশ, জার্মান, আমেরিকান, স্লোভাকিয়ান, সুইস, বেলজিয়ান, পোলিশ, নরওয়েজিয়ান, আইরিশ, ফিনিশ ও চীনা নাগরিক রয়েছেন।

মারসা আলাম মিশরের দক্ষিণ লোহিত সাগর উপকূলের একটি জনপ্রিয় পর্যটন স্থান। এলাকাটি ডাইভিং স্পট ও বিখ্যাত প্রবাল প্রাচীরের জন্য সুপরিচিত।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সি স্টোরির মিশর ভিত্তিক মালিক এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান ডাইভ প্রো লাইভআবোর্ড। তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, ২০২২ সালে জাহাজটি নির্মিত হয়। এটি ৪৪ মিটার (১৪৪ ফুট) লম্বা। এতে চারটি ডেক ও ১৮টি কেবিন রয়েছে। জাহাজটি সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বহন করতে পারে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!