ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউইয়র্কের পাতালট্রেনে ঘুমন্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২৩ ডিসেম্বর ২০২৪
নিউইয়র্কের পাতালট্রেনে ঘুমন্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে পাতালট্রেনে ঘুমন্ত এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ঘটনার শিকার নারীর পরিচয় এখনো জানা যায়নি। এদিকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের ভেতরে স্থির হয়ে বসে ছিলেন। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শান্তভাবে তার কাছে এসে লাইটার দিয়ে ওই নারীর পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেন। এর আগে দু’জনের মধ্যে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা হতে দেখা যায়নি। এই দুই নারী-পুরুষ আগে থেকে একে অপরকে চিনতেন বলেও মনে করছে না পুলিশ।

Advertisement

স্টেশনে টহলে থাকা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। আর ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে পড়েন।

এক প্রত্যক্ষদর্শী তার মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, যেখানটায় ওই নারী পুড়ছিলেন, তার থেকে কয়েক কদম দূরে প্ল্যাটফর্মের বেঞ্চের ওপরে এক ব্যক্তি বসে আছেন। তার পরনে ধূসর রঙের একটি হুডি। গতকাল গ্রেফতার হওয়া ব্যক্তির পরনেও একই পোশাক দেখা গেছে।

বেঞ্চে বসে থাকা ওই ব্যক্তিই হামলাকারী কি না, তা নিয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে পুলিশ বলেছে, ঘটনার সময় ওই ব্যক্তিকে সন্দেহভাজন মনে করার কোনো কারণ ছিল না। পুলিশ তখন ওই নারীকে সহায়তার জন্যই ছোটাছুটি করছিল।

পুলিশ বলছে, কর্মকর্তারা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। জরুরিসেবা কর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ এরইমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। গতকাল ঘটনাটির পরে পাতালট্রেন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, তারা এখনো ঘটনার শিকার ওই নারীর পরিচয় এবং হামলার কারণ জানতে তদন্ত করছে।

পুলিশের হিসাব অনুসারে, সপ্তাহের প্রতি কর্মদিবসে পাতালট্রেনে প্রায় ৪০ লাখ ভ্রমণ হয়ে থাকে। সেখানে সহিংস অপরাধের ঘটনা অপেক্ষাকৃত বিরল। ২০২৪ সালের নভেম্বর নাগাদ পাতালট্রেনে ৯টি হত্যাকাণ্ড হয়েছে। আর ২০২৩ সালের একই সময়ে পাঁচটি হত্যাকাণ্ড হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!