উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় ১৫০০ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। একদিনে আরো ৫ হাজারের বেশি উড়োজাহাজ চলাচলে বিলম্ব হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৬ কোটি মানুষ দুর্বিষহ জীবন পার করছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তুষারঝড়টি এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
.png)
কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা ঐ অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েকশ বিদ্যালয় বন্ধ থাকবে।