ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে ২১০০ বছরের পুরোনো ভারতীয় সোনার আংটি উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ৪ জুলাই ২০২৬
থাইল্যান্ডে ২১০০ বছরের পুরোনো ভারতীয় সোনার আংটি উদ্ধার
প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় প্রায় ১,৯০০ থেকে ২,১০০ বছরের পুরোনো দুটি প্রাচীন ভারতীয় সোনার আংটি উদ্ধার করা হয়েছে।

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ফেতচাবুরি প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় প্রায় ১,৯০০ থেকে ২,১০০ বছরের পুরোনো দুটি প্রাচীন ভারতীয় সোনার আংটি উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার (৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘থাই পিবিএস ওয়ার্ল্ড’ জানিয়েছে, ফেতচাবুরি প্রদেশের বান লাত জেলার ‘দোন ইয়াই থং’প্রত্নতাত্ত্বিক স্থান থেকে এই মূল্যবান নিদর্শন দুটি আবিষ্কৃত হয়।

থাইল্যান্ডের ফাইন আর্টস ডিপার্টমেন্টের মহাপরিচালক ফানোমবুত চান্তারাচোতি জানান, প্রত্নতাত্ত্বিকরা যখন ওই স্থানে প্রাচীন মানুষের হাড় এবং বিভিন্ন প্রাচীন শিল্পকর্ম পরীক্ষা-নিরীক্ষা করছিলেন, ঠিক তখনই এই দুটি সোনার আংটির সন্ধান পান। উদ্ধার হওয়া আংটি দুটির মধ্যে একটিতে প্রাচীন ভারতীয় লিপি খোদাই করা রয়েছে।

Advertisement

ফাইন আর্টস বিভাগের বিশেষজ্ঞরা ধারণা করছেন, আংটিতে খোদাই করা লিপিটি প্রাচীন ‘ব্রাহ্মী’ লিপির এবং এটি প্রাচীন ভারতের কোনো ব্যবসায়ী বা বণিক সম্প্রদায়ের সদস্যের ছিল।

ফাইন আর্টস ডিপার্টমেন্ট আরও জানায়, এর আগে দেশটির ক্রাবি প্রদেশের ক্লোং থম জেলা এবং চুমফন প্রদেশের খাও সাম কায়েও প্রত্নতাত্ত্বিক এলাকাতেও প্রাচীন ব্রাহ্মী লিপিযুক্ত বিভিন্ন শিল্পকর্ম ও প্রাচীন অলঙ্কার পাওয়া গিয়েছিল। বর্তমান আবিষ্কারটি প্রমাণ করে যে, প্রাচীনকালে ভারতের সাথে এই অঞ্চলের গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল।
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!