পাঁচজন নিহত হয়েছে সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায়
পাঁচজন নিহত হয়েছেন সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় । নিহতদের মধ্যে ৩টি শিশু রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে জানা গেছে। খবর আলজাজিরার।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফ গভর্নরেটে হুতিদের একটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসকারী একজন ইয়েমেনি নাগরিক।
.png)
চলতি মাসে হুতিদের হামলা জোরদার হওয়ার পর সৌদি আরবে এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে বৃহস্পতিবার ইয়েমেনে সৌদি আরবের হামলার অভিযোগ করেছে হুতিরা। তাদের দাবি, সৌদি যুদ্ধবিমান তাইজ প্রদেশের ৩টি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে।
হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আলমাসিরাহ জানিয়েছে, ইয়েমেনের আবস শহরে সৌদি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
এর পর হুতিদের সমর্থক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি-সমর্থিত বাহিনীর হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন ইয়েমেনি আহত হয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে বোঝাতে তারা ‘সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনী’ শব্দটি ব্যবহার করেছে।