জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এর জন্য মূল লক্ষ্য হতে হবে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
.png)
রুবিও বলেন, আমরা তাদের (ইরান) সঙ্গে বৈঠক করতে উন্মুক্ত। যদিও এই মুহূর্তে তেমন কোনো নির্দিষ্ট সময়সূচি বা আয়োজন ঠিক করা হয়নি, তবে আমরা নিশ্চিতভাবেই এমন আলোচনার জন্য প্রস্তুত। বিশেষ করে যদি সেই বৈঠকের মাধ্যমে কোনো ইতিবাচক ফল আসার সম্ভাবনা তৈরি হয় এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়।
যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যের বিষয়টি পুনর্ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আর সেই আসল লক্ষ্যটি হলো—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তারা এটি কোনোভাবেই পেতে পারে না।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা হ্রাসে এই মন্তব্য একটি নতুন কূটনৈতিক মোড় হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান বজায় রেখেই আলোচনার প্রস্তাব দেওয়া হলো।