ফ্রান্সজুড়ে বড় বিক্ষোভের ডাক, মাঠে নামছে ৭ লাখ মানুষ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তাল হতে যাচ্ছে ফ্রান্স। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছেন শ্রমিক সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা। এতে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে ফরাসি কর্তৃপক্ষ।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের প্রধান দাবি বেতন বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
নিরাপত্তা নিশ্চিত করতে সাঁজোয়া যান, জলকামান, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হচ্ছে। প্যারিসে রিপাবলিক চত্বর থেকে নাসিওঁ চত্বর পর্যন্ত বিক্ষোভের অনুমতি দিয়েছে প্রশাসনিক আদালত।
এদিকে বিক্ষোভের পাশাপাশি দেশজুড়ে ধর্মঘটের কারণে পরিবহণব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। জাতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক ট্রেন চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমনকি উচ্চগতির টিজিভি ট্রেনের প্রতি ১০টির মধ্যে একটি বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।
সূত্র: আনাদোলু, বিএফএমটিভি ও ফ্রান্সের জাতীয় রেল কর্তৃপক্ষের তথ্য।