ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

এত ভালোবাসা একসাথে কখনো পাইনি: শাহজাহান সম্রাট  

মোহাম্মদ তারেক
প্রকাশিত: ১৫:০৭, ১৬ নভেম্বর ২০২২
এত ভালোবাসা একসাথে কখনো পাইনি: শাহজাহান সম্রাট  
শাহজাহান সম্রাট

শাহজাহান সম্রাট। এ সময়ের প্রতিভাবান অভিনেতা। সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’–এ অভিনয় করে এসেছেন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে হইচই। 

এর আগে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে তাকে দেখা গেছে পাকিস্তানের সেনা কর্মকর্তার ভূমিকায়। এক সন্ধ্যায় শাহজাহান সম্রাট আড্ডায় মেতে উঠেছিলেন ডেইলি বাংলাদেশের সঙ্গে। নানা প্রসঙ্গ নিয়ে হাস্যজ্জল আড্ডার সঙ্গী ছিলেন মোহাম্মদ তারেক।

ডেইলি বাংলাদেশ: ‘বোধ’ ব্যাপক সাড়া ফেলেছে দেখছি-

Advertisement

শাহজাহান সম্রাট: হ্যাঁ। আমি খুব আনন্দিত। ওটিটি প্ল্যাটফর্ম হইচই – এর সাথে প্রথম কাজ। সে কাজেই অভাবনীয় সাড়া মিলেছে। আমি এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম। যেখানে মন দিয়ে কাজের সুযোগ মিলবে। চমৎকার একটি টিমের সাথে কাজ করলাম। আমাদের পারস্পরিক বোঝাপড়া চমৎকার। তার সুফল পাচ্ছি।

ডেইলি বাংলাদেশ: চরিত্রটি নিয়ে কি বলবেন?

শাহজাহান সম্রাট: এ ওয়েব সিরিজে আমার চরিত্রের নাম এহসানুল হক। অ্যাসিস্ট্যান্ট কমিশনার। যে ক্রিমিনাল নয় ক্রাইমকে ধ্বংস করতে চায়। গোড়া থেকে উপড়ে ফেলতে চায়। ইনসমনিয়াতে ভোগা একটি চরিত্র। শুরুতে গল্প ধীরে আগালেও, একবার গল্পে প্রবেশ করলে দর্শক বের হতে পারছে না। এক ধরনের মায়া তাকে আচ্ছন্ন করে ফেলছে। কয়েকটি ডায়লগ আছে দারুণ। যেমন, ‘আমি ক্রিমিনালকে নয়, ক্রাইমকে ধরি।’ আরেকটি হলো, ‘অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর।’

ডেইলি বাংলাদেশ: দর্শকের সাড়া কেমন মিলছে?

শাহজাহান সম্রাট: সোশ্যাল মিডিয়াতে তো দর্শক অনেক পোস্ট করছে। বাচ্চারাও জানাচ্ছে তাদের ভালো লাগার কথা। দর্শক সংলাপের কথা বলছে। তাদের বোধ জাগ্রত হচ্ছে। কেউ কেউ বলছেন, গল্পকে কাঁধে করে বয়ে নিয়ে গেছেন। এ চরিত্র, এ কাজ দর্শকের মনে জায়গা করে নিচ্ছে।

ডেইলি বাংলাদেশ: কলকাতায় গিয়েছেন সম্প্রতি। নন্দনে ‘লাল মোরগের ঝুঁটি’র প্রদর্শনী হয়েছে। সে অভিজ্ঞতা কেমন ছিল?

শাহজাহান সম্রাট : যখন বোধ – এর ট্রেলার রিলিজ হয় তখন আমি কলকাতায়। নন্দনে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রদর্শনী হয়েছে। নানা বয়সের দর্শক ছবিটি দেখতে এসেছে। তখন দর্শকরা ব্যাপক প্রশংসা করেছে। তাদের এত ভালোবাসায় চোখে পানি চলে এসেছিল। এত ভালোবাসা একসাথে কখনো পাইনি। দর্শকের ভালোবাসা যেকোনো বড় পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি। একটি ঘটনার কথা বলি। সেখানে দেখলাম লাঠি ভর দিয়ে দুই জন বৃদ্ধ – বৃদ্ধা হলে এসেছেন। তারা পুরো সিনেমা দেখলেন। পরে জানতে পারলাম তারা ৪৭ সালে বাধ্য হয়ে দেশ ছেড়ে গেছেন। তারাও মুক্তিযুদ্ধকে ধারণ করেন। অনুভব করেন। দেশের প্রতি তাদের ভালোবাসা অম্লান। তারাও আমাদের সাথে আছেন।

ডেইলি বাংলাদেশ: অন্যান্য কাজের কি খবর?

শাহজাহান সম্রাট : আরো দুটো সিনেমার পরিকল্পনা চলছে। টিভিতে তাজা লিপটন চা ও দারাজের বিজ্ঞাপনচিত্র প্রদর্শিত হচ্ছে। ওটিটির কাজের বিষয়েও আলাপ চলছে। এ ছাড়া সামনে পার্ণো মিত্রের সাথে ফজলুল কবির তুহিনের ‘বিলডাকিনী’ ছবির পরবর্তী লটের শুটিং আছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!