ভাষাসৈনিকদের তালিকা করতে নির্দেশ
ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬ মাসের মধ্যে তালিকা করে সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি করে রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, সংস্কৃতি সচিবের নেতৃত্বে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কমিটি করে এই তালিকা করতে হবে। দুই মাস পর কমিটি গঠনের রূপরেখা ও তালিকার অগ্রগতি নিয়ে সংস্কৃতি সচিবকে একটি প্রতিবেদন দিতে বলেছেন আদালত। ৬ মাসের মধ্যে ভাষাসৈনিক ও ভাষা শহীদের পূর্ণাঙ্গ তালিকা আদালতে দাখিল করতে হবে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের রাষ্ট্রীয় সন্মান-সম্মানী ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
রিটে ভাষাসৈনিক ও ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা গঠনের নির্দেশনা চাওয়া হয়। অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন।