চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড: মালিকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহতের ঘটনায় করা মামলায় ভবনের মালিক দুই সহোদর মোহাম্মদ হাসান সুলতান ও হোসেন সুলতানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মো. আশেকে ইমামের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি সিএমএম বরাবর প্রেরণের আদেশ দেন।
সোমবার আদালতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
.png)
অভিযোগপত্রে উল্লেখিত অপর আসামিরা হলেন- রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ।
আরো পড়ুন>>> ফারুকী হত্যা: নাহিদের স্বীকারোক্তি, রাজীব রিমান্ডে
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা তাদের চারতলা বাড়ির বিভিন্ন ফ্লোর দাহ্য পদার্থের গুদাম হিসেবে ভাড়া দেয়। দাহ্য পদার্থের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।