সুপ্রিম কোর্টে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সুপ্রিম কোর্টে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।
বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্টের বিভিন্ন সেকশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।
.png)
প্রধান বিচারপতি বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই- এই পবিত্র আদালত দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। এখানে কোনো প্রকার দুর্নীতি অনিয়মের ন্যূনতম উপস্থিতি বরদাস্ত করবো না। এখানকার অনিয়ম দুর্নীতি নির্মূল করতে যেকোনো পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবো না। অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, দুর্দশাগ্রস্ত মানুষের কাছ থেকে কেউ যদি সুযোগ নেয়ার চেষ্টা করেন তাহলে কোনোভাবেই বরদাস্ত করবো না।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা-কর্মচারী অদম্য উৎসাহ নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু কতিপয় বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার এবং বিভিন্ন সেকশনের সুপারসহ অসাধু কিছু কর্মকর্তার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এ সময় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।